গুগল সার্চে পাবলিক টয়লেট

৩ অক্টোবর, ২০১৯ ১৫:৫৭  
অপরিচিত এলাকায় গিয়ে প্রাকৃতিক কাজ সারতে গিয়ে অনেকেই বিড়ম্বনার শিকার হন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি। এই সমস্যা নিরসনে এবার গুগল নিয়ে আসেছে নতুন সেবা ‘গুগল ম্যাপস ইন্টারফেস’। এর মাধ্যমে সহজেই খুঁজে পাওয়া যাবে অনুসন্ধানকারীর কাছাকাছি পাবলিক টয়লেট। ইতিমধ্যেই ভারতে এই সেবাটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। গুগল ম্যাপস ইন্টারফেস’র মাধ্যমে ২ হাজার ৩০০ বেশি শহর জুড়ে ৫৭ হাজার পাবলিক টয়লেটের সন্ধান দেবে গুগল। এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এজন্য ২০১৬ সাল থেকেই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আসছিল গুগল। ভারতের নিউ দিল্লি, ভোপাল এবং ইন্দোরে পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে। দেশটির কেন্দ্রীয় আবাসন ও নগর মন্ত্রী ও স্বচ্ছ ভারত মিশনের সহযোগিতায় গুগল এই ফিচার তৈরি করেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। ব্যবহারকারীরা গুগল সার্চে গিয়ে অথবা গুগল অ্যাসিস্টেন্ট, গুগল ম্যাপে পাবলিক টয়লেট খোঁজ করলে পাওয়া যাবে তার সঠিক লোকেশন। একই সাথে কোন টয়লেটটি কাছে হবে তারও একটি তালিকা তৈরি করে দেবে গুগল। এ বিষয়ে গুগলের পক্ষ থেকে জানানো হয়, মন্ত্রণালয়ের পরিদর্শনের ভিত্তিতে টয়লেটগুলোর রেটিং করাসহ থাকবে পর্যালোচনার যাবতীয় তথ্য। এ কাজে গুগলও সহায়তা করবে বলে জানায়। এর ফলে আপনি জানতে পারবেন কোন টয়লেট কীরকম অবস্থায় রয়েছে। সংস্থাটি আরও জানায়, এই কাজের জন্য সব সময় সক্রিয় থাকতে হবে স্থানীয় গাইডকে। তিনি ক্রমাগত নিজ এলাকার টয়লেটগুলোর বিষয়ে মতামত শেয়ার করবে। এরমধ্যেই ৩২,০০০ টয়লেটের ছবি ও তার পর্যালোচনার তথ্য সংযুক্ত করা হয়েছে গুগল ম্যাপে। এ বিষয়ে গুগলের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অনল ঘোষ বলেন, ‘আমাদের লক্ষ্য গুগল ম্যাপের সাহায্যে মানুষকে তার গন্তব্যস্থল ও বর্তমান লোকেশন বলে দিয়ে তাকে সাহায্য করা। আমরা বিশ্বাস করি যে জনগণের কাছে সহজেই শৌচাগারের লোকেশন বলে দেয়া এবং তাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া সামাজিক কাজ। এতে শহরকে পরিষ্কার রাখার একটি অভ্যাসও তৈরি হবে নাগরিকদের।’ ডিজিবাংলা/এনএমএস